বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শরতের মেঘ, কাশফুল আর শিউলির গন্ধে যখন বাঙালির মন উৎসবমুখর, তখন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের ঢাকিপাড়ায় ব্যস্ততা তুঙ্গে। ঘরে ঘরে চলছে পুরনো ঢাক মেরামত, নতুন চামড়া লাগানো এবং আওয়াজ ঠিক করার কাজ। পাশাপাশি চলছে বোলের মহড়াও।

দুর্গাপুজোর পাঁচদিনই বহু ঢাকির কাছে বাড়তি রোজগারের বড় সুযোগ। বছরের বাকি সময় দিনমজুরি করে সংসার চালালেও পুজোর সময় কলকাতা ও শহরতলির বিভিন্ন মণ্ডপ থেকে আসে ডাক। তাই পরিবারের মুখে হাসি ফোটাতে কাঁধে ঢাক তুলে দূর-দূরান্তে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

ঢাকি ভোলানাথ দাসের কথায়, পরিবার ছেড়ে কয়েকদিন বাইরে থাকতে কষ্ট হলেও সংসারের কথা ভেবেই এই পেশায় আসতে হয়। রবিন দাসও জানান, পুজোর এই কয়েকদিনের আয় সারা বছরের সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বোধন থেকে বিসর্জন ঢাকের তালে প্রাণ পায় বাঙালির শারদোৎসব। তাই উৎসবের আগেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মন্দিরবাজারের ঢাকিরা।