ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জুনিয়র ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার পরবিন্দর আওয়ানাকে নিয়োগ করেছে। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষ্ণ দাস, রাকেশ প্যাটেল এবং এন. অর্জুন যাদব। BCCI-এর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) আবেদনকারীদের যাচাই এবং সাক্ষাৎকার নেওয়ার পর এই নিয়োগ করেছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
জুনিয়র ক্রিকেট কমিটির পঞ্চম সদস্যের নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে BCCI। পরবিন্দর আওয়ানা ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পাশাপাশি, ৬২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৯১টি উইকেট। দিল্লি, ইন্ডিয়া এ এবং রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে খেলেছেন তিনি। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়েও খেলেছেন এই প্রাক্তন ফাস্ট বোলার।ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যোগ দেন আওয়ানা। দিল্লির অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও কাজ করেছেন তিনি। এছাড়া BCCI এবং সেন্টার অফ এক্সেলেন্সের বিভিন্ন উচ্চমানের প্রশিক্ষণ কর্মসূচিতেও যুক্ত ছিলেন। কমিটির আর এক সদস্য কৃষ্ণ দাস অসম ও গোয়ার হয়ে খেলেছেন। এই প্রাক্তন ফাস্ট বোলার ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ইন্ডিয়া এ দলের হয়েও খেলেছেন তিনি। পরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ এবং উত্তরাখণ্ডের রঞ্জি ট্রফি দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
রাকেশ প্যাটেল গুজরাট ও বরোদার হয়ে খেলেছেন। পাশাপাশি, ইন্ডিয়া এ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলীপ ট্রফি, দেওধর ট্রফি এবং ইরানি ট্রফিতেও খেলেছেন প্যাটেল। কোচিংয়ে তিনি বরোদা ও গুজরাটের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র দলের সঙ্গে কাজ করেছেন। ২০২৫-২৬ মরশুমে বরোদার অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি। এন. অর্জুন যাদব ইন্ডিয়া এ দলের হয়ে খেলেছেন। তাঁর ক্রিকেট কেরিয়ারে ৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ রয়েছে। ২০০০ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। হায়দরাবাদের হয়ে খেলার কেরিয়ার শেষ করার পর কোচিংয়ে যোগ দেন যাদব। হায়দরাবাদের সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ২০২২ সাল থেকে BCCI-এর ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।