বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। শুক্রবার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে তৃণমূল প্রধান শিলাদিত্য রায় এবং তৃণমূল কর্মী তন্ময় দেবনাথকে।

শনিবার ধৃতদের ক্যানিং থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। থানা চত্বরেই ধৃত তৃণমূল কর্মী তন্ময় দেবনাথকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং পশ্চিমের বিধায়কের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই এই দুজনকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে ক্যানিং থানা থেকে যখন তাদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই উত্তেজিত জনতার একাংশ ধৃত তন্ময় দেবনাথের ওপর ডিম ছুঁড়তে শুরু করে। এই অতর্কিত হামলায় থানা চত্বরে তীব্র উত্তেজনা দেখা দেয়। অভিযুক্ত তন্ময় দেবনাথের বিরুদ্ধে এলাকায় একাধিক গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তার বিরুদ্ধে ২০২৪ সালে ক্যানিং থানায় ঢুকে পুলিশ কর্মীদের ওপর হামলা চালানো, থানা ভাঙচুর এবং এলাকায় দেদার তোলাবাজি ও দাদাগিরি করার পুরোনো অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে বিধায়কের বাড়ি থেকে তার এই গ্রেফতারি এবং আজ আদালতে যাওয়ার পথে জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ক্যানিংয়ের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।