New Delhi, Sep 13 (ANI): Prime Minister Narendra Modi delivers opening remarks at the BRICS Summit Session on ‘Resilience, Innovation, Cooperation and Sustainability: Shaping the Future for Inclusive Global Growth’ at Bharat Mandapam, on Day 2 of the 18th BRICS Summit, at Bharat Mandapam in New Delhi on Sunday. (@MEAIndia X/ANI Photo)
ব্রিক্স পার্লামেন্টারি ফোরামের দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদ ভবন চত্বরে আয়োজিত এই সম্মেলনের ফাঁকে ব্রিক্সের সদস্য ও সহযোগী দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাশিয়ার স্টেট দুমার চেয়ারম্যান ভ্যাচেস্লাভ ভোলোদিনের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

ভারতের আয়োজনে দু’দিনের এই সম্মেলনে ব্রিক্সের ১১টি সদস্য দেশ এবং ১০টি সহযোগী দেশের প্রতিনিধিদল যোগ দিচ্ছে। সোমবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন লোকসভার স্পিকার ও ফোরামের চেয়ারম্যান ওম বিড়লা। ভারত বর্তমানে ব্রিক্সের সভাপতিত্ব করছে। আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা, বিশেষত উন্নয়নশীল দেশগুলির চ্যালেঞ্জ নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে এই সম্মেলনকে দেখা হচ্ছে।
সোমবার সংসদ ভবনে পৌঁছন উগান্ডা, কিউবা, ব্রাজিল এবং রাশিয়ার প্রতিনিধিরা। তাঁদের স্বাগত জানান সংসদ সদস্য এবং আধিকারিকেরা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সম্মেলনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছন। উল্লেখ্য, রাশিয়া ও ব্রাজিল ব্রিক্সের পূর্ণ সদস্য। অন্য দিকে, ২০২৫ সালে সহযোগী দেশের মর্যাদা পেয়েছিল উগান্ডা ও কিউবা।
রাজ্যসভার সাংসদ নরেশ বনসল বলেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার প্রতিনিধিত্ব করে ব্রিক্স। বিশ্ব অর্থনীতির প্রায় ৪০ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ২৪ শতাংশ এই গোষ্ঠীর আওতায়। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের সভাপতিত্বে এই মঞ্চ উন্নয়নশীল দেশগুলির সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অন্য দিকে, সাংসদ রাজীব রাইয়ের বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার অতিরিক্ত প্রভাবের ভারসাম্য রক্ষায় ব্রিক্সের মতো মঞ্চের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিদেশনীতি, শান্তি ও উন্নয়নের প্রশ্নে দেশের রাজনৈতিক দলগুলির ঐক্য বজায় রাখার উপরেও জোর দেন তিনি।
আন্তর্জাতিক ভূরাজনীতিতে ব্রিক্সের গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সদস্য ও সহযোগী দেশগুলির সংসদীয় প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত দ্বাদশ সম্মেলন পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষার আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।