বিশ্বজিত মণ্ডল, নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মানিকচকের মথুরাপুরে জনসভা করতে এসে জেলাবাসীর কাছে তিনটি বিষয় নিয়ে ‘ভিক্ষা’ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে অন্যতম ছিল নেশামুক্ত মালদা গড়ে তোলা। মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে এবার এলাকাকে নেশামুক্ত করার দাবিতে আন্দোলনে নামলেন পুরাতন মালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া ও পাথরপাড়া এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনিভাবে রমরমিয়ে চলছে মদের ব্যবসা। বারবার পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এবার মদের ঠেক বন্ধের দাবিতে একজোট হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

স্থানীয় মহিলাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই এলাকায় মদের আসর বসছে। মদ্যপদের উপদ্রবে রাস্তা দিয়ে চলাফেরা করা দায় হয়ে উঠেছে মহিলাদের। তাঁদের দাবি, রাস্তায় চলাচলের সময় কটূক্তির শিকার হতে হচ্ছে। এমনকী, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় কয়েকজন তাঁদের বাড়ির দিকে মদের বোতল ছুড়ে ফেলে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা।

মহিলাদের আরও অভিযোগ, এলাকায় মদের ব্যবসা বন্ধ করার জন্য এর আগেও একাধিকবার পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ জানানোর পরেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে তাঁদের দাবি। তাই এবার নতুন করে একজোট হয়ে আন্দোলনে নেমেছেন এলাকার মহিলারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে এলাকায় মদের ব্যবসা বন্ধ করতে হবে। অন্যথায়, তাঁরা সংগঠিত হয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে নিজেদের অভিযোগ জানাবেন।

এদিকে, এলাকার মহিলাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশ ও রাজ্যকে নেশামুক্ত করার আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যেই তাঁরাও কাজ করতে প্রস্তুত।