সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের নির্ধারিত দিন পিছিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার, ৫ নভেম্বর কমিশনের সচিব অরিন্দম মানি স্বাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ওই তারিখে ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না। পরবর্তী সময়ে চূড়ান্ত প্রকাশের সংশোধিত তারিখ জানিয়ে দেওয়া হবে।

কমিশনের নির্দেশিকাটি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও কলকাতা পুরসভার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার এবং হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, সংশ্লিষ্ট মহকুমা আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং বিভিন্ন পুরসভার প্রশাসকদেরও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর জারি করা কমিশনের ৮৬০ ও ৮৬১ নম্বর নির্দেশিকার ভিত্তিতে ১২ নভেম্বর ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের দিন ধার্য হয়েছিল। তবে বৃহস্পতিবারের নতুন নির্দেশিকায় সেই সময়সীমা বাড়ানো হল। কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তা এখনও জানায়নি কমিশন। পরে সংশোধিত দিনক্ষণ ঘোষণা করা হবে।