অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। স্বামীর এই ছবির মুক্তি ঘিরে উচ্ছ্বসিত অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় রণবীরের উদ্দেশে একটি আবেগঘন বার্তাও লিখেছেন তিনি। সেখানে স্বামীর কাজের প্রশংসা করার পাশাপাশি তাঁর জন্য গর্ব প্রকাশ করেছেন আলিয়া। পোস্টে কয়েকটি মিষ্টি ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিগুলিতে দেখা যাচ্ছে, ‘রামায়ণ’-এর শুটিং সেটে বাবার সঙ্গে সময় কাটাচ্ছে ছোট্ট রাহা। মেয়েকে স্নেহভরে সঙ্গে নিয়ে সেটে ঘুরতে দেখা গিয়েছে রণবীরকে।

আলিয়া লিখেছেন, “এই ছবির জন্য তুমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছ। অথচ ওর জন্য তোমার কাছে সবটুকু ভালোবাসা ও সময় ঠিকই বেঁচে রয়েছে। রণবীর, তোমার জন্য এবং এই অসাধারণ ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য আমি খুব গর্বিত।” ‘রামায়ণ’-এর প্রশংসা করে আলিয়া আরও লেখেন, “কিছু গল্প আমাদের সবার থেকেও অনেক বড়। রামায়ণ তেমনই একটি গল্প।”
এদিকে ছবিটি মুক্তির পর থেকেই বিভিন্ন তারকা ও চলচ্চিত্র নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ছবির গোটা টিমের প্রশংসা করেছেন পরিচালক করণ জোহর। তাঁর কথায়, রামায়ণ এমন একটি কাহিনি, যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম এই গল্প শুনে ও পড়ে বড় হয়েছে। এই কাহিনি মূল্যবোধ, ঐতিহ্য এবং মানবিকতার প্রতীক। করণ লেখেন, রামায়ণের গল্প সকলেরই জানা। কিন্তু তার এমন অসাধারণ সিনেমারূপ দেখে তিনি মুগ্ধ। ছবির প্রত্যেক সদস্যের কাজের প্রশংসা করে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ছবির প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারিরও বিশেষ প্রশংসা করেছেন করণ। তাঁর মতে, নমিতের কাজ তাঁকে নতুন করে সাহসী হতে এবং বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে, নীতেশের গল্প বলার ধরন ও পরিচালনার দক্ষতারও প্রশংসা করেছেন তিনি। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে করণের। তাঁর মতে, রণবীরের চোখের অভিব্যক্তিই অনেক কিছু বলে দেয়। কোনও বাড়তি আড়ম্বর ছাড়াই তিনি পর্দায় রামের পবিত্রতা, শান্ত স্বভাব এবং মানবিক দিক ফুটিয়ে তুলেছেন। এটি রণবীরের কেরিয়ারের অন্যতম কঠিন চরিত্র হলেও তিনি অসাধারণভাবে তা পর্দায় তুলে ধরেছেন বলে মত করণের।
সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয়েরও প্রশংসা করেছেন তিনি। করণের কথায়, সীতার ত্যাগ, ভালোবাসা ও আত্মসমর্পণের ভাবনা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। অন্যদিকে, রাবণের চরিত্রে যশের অভিনয়কে অসাধারণ বলে উল্লেখ করেছেন করণ। তাঁর মতে, যশ যখনই পর্দায় আসছেন, দর্শকের নজর কেড়ে নিচ্ছেন। রাবণের চরিত্রে তাঁর উপস্থিতি ও অভিনয় মুগ্ধ করার মতো।
লক্ষ্মণের চরিত্রে রবি দুবের অভিনয়েরও প্রশংসা করেছেন করণ। তাঁর মতে, একনিষ্ঠ ও স্নেহশীল ভাইয়ের চরিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ৫ নভেম্বর, ২০২৬-এ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন।