বিজ্ঞাপন শিল্পে পূর্ব ভারতের প্রতিনিধিত্ব আরও জোরদার করার লক্ষ্যে নতুন পূর্বাঞ্চলীয় শাখা গড়ল Advertising Agencies Association of India (AAAI)। সেই শাখার চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেলেন Standard Publicity-র ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর নিয়োগের কথা ঘোষণা করেছে এএএআই।

ইংরেজিতে স্নাতকোত্তর প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও ব্যবসায়িক ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। কৌশলগত ব্যবসায়িক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে Women Economic Forum-এর ‘Exceptional Women of Excellence Award’-ও পেয়েছেন তিনি। পাশাপাশি Merchant Chamber of Commerce and Industry এবং Calcutta Chamber of Commerce-এর সঙ্গেও যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা।
নতুন দায়িত্ব প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘‘এএএআই-এর পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারপার্সন হতে পেরে আমি সম্মানিত। পূর্ব ভারতের বিজ্ঞাপন সংস্থা ও ক্লায়েন্টদের আরও শক্তিশালী করতে আঞ্চলিক সহযোগিতা, পরামর্শদান এবং উদ্ভাবনের জন্য নতুন মঞ্চ তৈরি করাই আমাদের লক্ষ্য।’’
এএএআই-এর প্রেসিডেন্ট সন্দীপ গোয়ালও প্রিয়াঙ্কার নেতৃত্বের প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য, প্রিয়ঙ্কার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার মিশেল পূর্বাঞ্চলীয় শাখাকে আরও কার্যকর করে তুলবে। স্থানীয় বাজারের প্রয়োজন এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
দেশের বিজ্ঞাপন সংস্থাগুলির জাতীয় সংগঠন এএএআই সদস্যদের স্বার্থরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিজ্ঞাপন শিল্পের বিকাশে কাজ করে। নতুন পূর্বাঞ্চলীয় শাখার মাধ্যমে সেই কর্মকাণ্ডে এ বার আরও গুরুত্ব পেতে চলেছে পূর্ব ভারত।