মাম্পি রায়, সাংবাদিক : টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে হঠাৎ অগ্নিকাণ্ড। খবর প্রকাশ্যে আসতেই পুরো ট্রেনে হুড়োহুড়ি পড়ে গেল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামাঞ্চিলিতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, “অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের দুটি বগিতে। রাত ১২ টা ৪৫ মিনিটে আগুন লেগেছে বলে জানা যায়।“

“এসি কোচে আগুন লাগে”
এক আধিকারিক জানাচ্ছেন, “যখন আগুন লাগে, তখন ওই কোচে ৮২ জন যাত্রী এবং অন্য কোচে ৭৬ জন যাত্রী ছিল। বি-ওয়ান কোচ থেকে দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম চন্দ্রশেখর সুন্দরম।”
বিচ্ছিন্ন ট্রেন ও কোচ
ট্রেনে অগ্নিকাণ্ডের খবর মিলতেই তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। কয়েকঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দুটি কোচকে ট্রেনের থেকে আলাদা করে দেওয়া হয়েছে।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ফরেন্সিক টিম। কিন্তু আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।