New Delhi, Jun 26 (ANI): India's first hydrogen-powered train seen on the Delhi railway track during its high-speed trial, in New Delhi on Friday. (ANI Photo)
দেশের প্রথম দৈনিক হাইড্রোজেনচালিত ট্রেন পরিষেবা চালুর অনুমোদন দিল রেল মন্ত্রক। উত্তর রেলের জিন্দ-সোনিপত শাখায় এই পরিষেবা শুরু হতে চলেছে। পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারে ভারতীয় রেলের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, ৭৪০১০/৭৪০০৯ নম্বরের এই ট্রেনটি জিন্দ সিটি, পান্ডু পিন্দারা, ললিত খেরা, ভামবেভা, ইশাপুর খেরি, বুতানা, খান্দরাই, গোহানা, রাভরা, লাঠ, মোহানা, হরিয়ানা এবং বারওয়াসনি-সহ একাধিক স্টেশনে বাণিজ্যিকভাবে থামবে।
এর আগে জুন মাসে দিল্লি থেকে জিন্দ পর্যন্ত হাইড্রোজেনচালিত ট্রেনের সফল পরীক্ষামূলক যাত্রা হয়। সেই পরীক্ষায় জরুরি অবস্থায় ব্রেকিংয়ের দূরত্ব, ট্রেনের স্থিতিশীলতা-সহ একাধিক প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা হয়। তারও আগে মে মাসে জিন্দ-সোনিপত রুটে ১০ কোচের হাইড্রোজেন ফুয়েল সেলভিত্তিক ট্রেন চালানোর অনুমোদন দেয় রেল মন্ত্রক।
রেলের দাবি, ১,২০০ কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেমে চলা এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৭৫ কিলোমিটার। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এর একমাত্র নির্গমন হবে জলীয় বাষ্প। ফলে প্রচলিত ডিজেলচালিত ট্রেনের তুলনায় এটি অনেক বেশি পরিবেশবান্ধব।
এই প্রকল্পের জন্য জিন্দে দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে সংকুচিত হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন (পেসো)। নিরাপত্তার স্বার্থে হাইড্রোজেন লিক ডিটেক্টর, ফ্লেম ডিটেক্টর-সহ একাধিক আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ট্রেন ও হাইড্রোজেন প্ল্যান্টের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নির্দেশিকা ও মান নির্ধারণ করেছে ভারতীয় রেল।
এই উদ্যোগের মাধ্যমে জার্মানি, জাপান, চিন ও আমেরিকার মতো দেশগুলির পাশে দাঁড়িয়ে হাইড্রোজেনচালিত রেল প্রযুক্তির ব্যবহারে নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারত।