New Delhi, Aug 12 (ANI): Lok Sabha LoP Rahul Gandhi speaks to the media at the Parliament premises during the ongoing Monsoon Session, in New Delhi on Wednesday. (ANI Photo/Naveen Sharma)
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলন এবং ২০ জুলাই বিক্ষোভকারীদের উপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের সংঘাত আরও তীব্র হল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বিস্তারিত আলোচনার প্রস্তাব দিলেও, সেই প্রস্তাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সাফ কথা, বিরোধীরা কোনও ‘লেকচার’ শুনতে চান না, তাঁরা চান ঘটনার জবাব এবং দায় নির্ধারণ।

সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুলের প্রশ্ন, আন্দোলনরত ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল? কার নির্দেশে পড়ুয়াদের লাঠিপেটা করা হয়েছিল? সরাসরি শাহকে নিশানা করে তিনি বলেন, ‘‘আমাদের সন্তানদের উপর গুলি চালানোর নির্দেশ কি অমিত শাহ দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন, তা হলে তাঁর পদত্যাগ করা উচিত।’’
রাহুলের আরও অভিযোগ, গত ২০ দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কার্যত অনুপস্থিত। তাঁর দাবি, ‘‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস নেই। তিনি সংসদে আসতে পারেন না।’’
এর আগে শাহ সংসদে NEET-কাণ্ড এবং ছাত্র আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনায় সরকারের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। বিরোধীদের দুপুর ২টোর মধ্যে স্পিকারকে চিঠি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, বুধবার বিকেল ৩টে থেকে বৃহস্পতিবার বিকেল ৩টে পর্যন্ত আলোচনা চলতে পারে। তিনি নিজে সংসদে উপস্থিত থেকে বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আশ্বাসও দেন।
শাহের বক্তব্য ছিল, সরকারের কিছুই গোপন করার নেই। সংসদ অচল না করে নিয়ম মেনে আলোচনায় বসার জন্য বিরোধীদের আহ্বান জানান তিনি। পাল্টা রাহুলের বক্তব্য, শুধু আলোচনা নয়, প্রয়োজন নির্দিষ্ট জবাব—কে নির্দেশ দিয়েছিল, কেন পুলিশ বলপ্রয়োগ করল এবং তার দায় কার?
NEET প্রশ্নফাঁস ও ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে বুধবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। তাঁদের মুখে ছিল, ‘অমিত শাহ জবাব দাও’ স্লোগান। ফলে সরকার ও বিরোধীদের টানাপড়েনে সংসদের অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে, এমনই আশঙ্কা বিরোধীদের।