বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বিশ্বলক্ষ্মীতলা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ ভান্ডারী। তাঁর বাড়ি বিশ্বলক্ষ্মীতলা, বারুইপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিশ্বজিৎ ভান্ডারীকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে বসবাস করতেন এবং একাধিক আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন। বারুইপুরের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, মালবাজারের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে পুলিশের সন্দেহ।
পুলিশের দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগও রয়েছে বিশ্বজিৎ ভান্ডারীর বিরুদ্ধে। সেই অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বারুইপুর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।