শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এবং পরে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

শনিবার, ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার মধ্যরাতের পর কালীঘাটে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ, রাত ২টো নাগাদ সেখানে বিজেপি কর্মীরা এসে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। অভিষেকের জন্মদিন উপলক্ষে টাঙানো ছবি, কাটআউট এবং ব্যানারও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি এবং সংঘর্ষ বাধে।
অভিষেকের অভিযোগ, তাঁর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। আহত অনুগামীদের সঙ্গে দেখা করতে রাতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। পুলিশের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিযোগ করেন, বিজেপির লোকজন পেরেক-বসানো লাঠি নিয়ে হামলা চালিয়েছে। তাঁর দাবি, চার-পাঁচ জন অনুগামী গুরুতর আহত হয়েছেন। এমনকি হামলাকারীরা পুলিশের গায়েও হাত তুলেছে বলে অভিযোগ করেন তিনি।
অভিষেক আরও জানান, হামলার আশঙ্কার কথা জানিয়ে দু’দিন আগেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। সেখানে লোকসভার স্পিকারকেও ট্যাগ করেছিলেন বলে দাবি তাঁর। পরিস্থিতি সামাল দিতে রাতভর এলাকায় পুলিশ মোতায়েন ছিল। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ঢোকেন অভিষেক।
তবে বিজেপির পাল্টা দাবি, তৃণমূল কর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছে। ফলে জন্মদিনের আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। ঘটনায় শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।