উত্তরাখণ্ডের চামোলি জেলায় নিখোঁজ যাত্রীবাহী হেলিকপ্টার। বদ্রীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে পাঁচ যাত্রী ও এক পাইলট-সহ মোট ছয়জনকে নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। জোশীমঠের কাছে হাতি পর্বত এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চার্লি এক্স-রে নামে একটি সংস্থার পরিচালিত ওই হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে অন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এদিকে, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় প্রতিকূল আবহাওয়া চলছে। কোথাও বৃষ্টি, আবার কোথাও তুষারপাত হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে লাগাতার তুষারপাতের জেরে কেদারনাথ ধামে মরশুমের প্রথম ভারী তুষারপাত হয়েছে। বরফের চাদরে ঢেকে গিয়েছে আশপাশের পাহাড়। সেই সঙ্গে তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে।দেরাদুনের আবহাওয়া কেন্দ্রের অধিকর্তা ডঃ সি এস তোমর জানিয়েছেন, আগামী কয়েক দিন উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানান, ২৯ অক্টোবর উত্তরাখণ্ডের আট থেকে নয়টি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে উত্তরকাশী, তেহরি ও হরিদ্বারে বৃষ্টির পরিমাণ বেশি ছিল। শুক্রবারও একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কুমায়ুন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তিনি আরও জানান, ৩১ অক্টোবর পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। একইভাবে ১ ও ২ নভেম্বর উত্তরাখণ্ডের উত্তর দিকের পাহাড়ি এলাকায় কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে তীর্থযাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তায় সতর্ক রয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলাশাসক প্রশান্ত আর্য জেলা জরুরি পরিচালন কেন্দ্রকে (DEOC) সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাইভ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাস্তার পরিস্থিতি এবং গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির এলাকার উপরেও নজরদারি চালানো হচ্ছে। তীর্থযাত্রী ও ভক্তদের ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আবেদন জানিয়েছে প্রশাসন। পাশাপাশি প্রশাসন ও পুলিশের জারি করা নির্দেশিকা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।