হাওড়ার ডোমজুড়ের একটি নার্সিংহোমে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতার আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে।

রণজিত রায়, নিজস্ব সংবাদদাতা
পরিবার সূত্রে জানা গিয়েছে, টিউমার নিয়ে ওই মহিলা রোগী নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। অভিযোগ, সেখানে তাঁর অস্ত্রোপচার করা হলেও টিউমার অপারেশন না করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি অন্যত্র স্থানান্তরিত করার কথাও জানানো হয়েছিল বলে অভিযোগ। এরই মধ্যে ওই মহিলা রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিজনরা। নার্সিংহোমে শুরু হয় ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয়েছে র্যাফও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে মৃতার আত্মীয়-পরিজনদের শান্ত থাকার এবং আইন মেনে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।