New Delhi, Aug 07 (ANI): A man walks with umbrellas amid heavy rainfall near Connaught Place, in New Delhi on Friday. (ANI Photo)
শুক্রবার দিনভর টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লি। কোথাও রাস্তায় হাঁটুসমান জল, কোথাও আবার যানজটে থমকে গিয়েছে গাড়ির চাকা। দিল্লি-এনসিআরের একাধিক এলাকায় বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হওয়ার পর শনিবার সকালটা অবশ্য তুলনামূলক স্বস্তির। আকাশ মেঘলা, আবহাওয়ায় মনোরম ঠান্ডা ভাব। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।

শুক্রবার সফদরজংয়ে সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়ায় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় যা ৬.৭ ডিগ্রি কম। টানা বৃষ্টির জেরেই তাপমাত্রার এই পতন বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার দিল্লিতে আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সন্ধ্যা এবং রাতের দিকে ফের রাজধানীর বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।
রবিবারও বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলবে না দিল্লিবাসীর। তবে বৃষ্টির তীব্রতা শুক্রবারের তুলনায় অনেকটাই কমবে বলে পূর্বাভাস। সকালে হালকা বৃষ্টির পর সন্ধ্যার দিকে ফের বৃষ্টি হতে পারে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রিতে পৌঁছতে পারে।

রাজধানীতে আপাতত সামগ্রিক ভাবে হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে দিল্লিতে এই মুহূর্তে কোনও ‘নাওকাস্ট’ সতর্কতা নেই। অন্য দিকে, এনসিআরের কিছু এলাকা, বিশেষ করে হরিয়ানায় লাল সতর্কতা জারি রয়েছে।
দিল্লি ছাড়াও দেশের একাধিক রাজ্যে সক্রিয় বর্ষা। শনিবার পূর্ব রাজস্থান এবং ওড়িশায় বিচ্ছিন্ন ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশের উপকূল, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমে ১৩ অগস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলতে পারে। দক্ষিণ ভারতে কেরল, উপকূলীয় কর্নাটক ও লাক্ষাদ্বীপেও সক্রিয় থাকবে বর্ষা।