বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : কালি তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে।

মঙ্গলবার সকালে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই কারখানায় কাজ চলছিল, আচমকাই আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
কারখানায় প্রতিমা তৈরির প্রয়োজনীয় নানান রাসায়নিক এবং দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন খুব দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এবং গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
কারখানায় প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্থানীয় পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকা ঘিরে ফেলেছে, যাতে সাধারণ মানুষ কাছে আসতে না পারেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট বা অসতর্কতাবশত কোনো আগুনের উৎস থেকে এই বিপত্তি ঘটতে পারে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।