বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার লস্করপুর এলাকায় ১৬ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, রবিবার সকালে দুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। সেই সময় এক বৃদ্ধ তাকে অনুসরণ করতে শুরু করে। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর ফাঁকা জায়গার সুযোগ নিয়ে ওই বৃদ্ধ নাবালিকাকে কুপ্রস্তাব দেয় এবং তার শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করে।

পরিবারের দাবি, গোটা ঘটনার গুরুত্বপূর্ণ অংশ এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে অভিযুক্ত বৃদ্ধকে নাবালিকার পিছু নিতে দেখা যায় বলে অভিযোগ। এরপর নির্জন স্থানে গিয়ে ওই নাবালিকার ওপর নির্যাতন চালানো হয় বলেও পরিবারের অভিযোগ।
ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগ ওঠার পরও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। পরিবারের দাবি, অভিযুক্ত প্রকাশ্যেই নিজের বাড়িতে রয়েছে, অথচ পুলিশ এখনও কোনো পদক্ষেপ নেয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে ক্ষোভ। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী হওয়ার কারণেই কি গ্রেপ্তারে এত দেরি হচ্ছে? সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।