বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সুন্দরবনকে প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছে ঝড়খালী সবুজ বাহিনী।

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালী এলাকার বিভিন্ন প্রান্তিক গ্রামের নদীবাঁধ সংলগ্ন অঞ্চলে তারা নিয়মিত ম্যানগ্রোভের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার কাজ করে আসছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন বিশেষ কর্মসূচির আয়োজন করেন সংগঠনের সঙ্গে যুক্ত মহিলারা। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে তাঁরা একত্রিত হয়ে দিবসটি পালন করেন এবং নদীবাঁধ এলাকায় ম্যানগ্রোভের চারা রোপণ করেন। তাঁদের বক্তব্য, সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় ম্যানগ্রোভ অরণ্যের বিকল্প নেই। এই গাছ শুধু নদীবাঁধকে মজবুত করে না, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিও অনেকাংশে কমিয়ে দেয়। সংগঠনের সদস্যদের দাবি, পরিবেশ রক্ষার এই আন্দোলনে স্থানীয় মানুষদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। আগামী দিনেও সুন্দরবনের সবুজ আবরণ বৃদ্ধি এবং নদীবাঁধ সুরক্ষিত রাখতে তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ব পরিবেশ দিবসে ম্যানগ্রোভ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন ঝড়খালী সবুজ বাহিনীর সদস্যরা।