সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা: সাতসকালে বিধানসভা চত্বরে চাঞ্চল্য। পশ্চিমবঙ্গ বিধানসভার ক্যান্টিন বিভাগের শৌচাগার থেকে উদ্ধার এক কর্মীর নিথর দেহ। মৃতের নাম উমেশ চন্দ্র দাস (৪৬)। তিনি বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৫ বছর ধরে ওই ক্যান্টিনে কাজ করছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, সোমবার (২ নভেম্বর) সকাল প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ ক্যান্টিন বিভাগের শৌচাগারের ভিতরে তাঁকে অচৈতন্য ও নিথর অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিকতা বা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এখনও কোনও অভিযোগও জমা পড়েনি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে রওনা দিয়েছে কলকাতা পুলিশের ডিডি হোমিসাইড শাখার একটি দল। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। কীভাবে ঘটল এমন ঘটনা তা ময়না তদন্তের রিপোর্ট থেকেই জানা যাবে।