অনুসূয়া দাস, সাংবাদিক : ১১ জুন শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার আগে প্রকাশিত হয়ে গেল ফিফার থিম সং। বিশ্বকাপের থিম সং বললেই এখনও অনেকের মনে প্রথমে আসে ওয়াকা ওয়াকা । ২০১০ দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্ট। সেই উপলক্ষে শাকিরার গান আন্তর্জাতিক সাফল্য পেয়েছিল। তারপর থেকে ফুটবল বিশ্বকাপের সঙ্গে পপ তারকার নাম প্রায় অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে। মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ১৯ জুলাই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ ম্যাচ। বিশ্বকাপ তিন দেশে ছড়িয়ে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজক। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো সম্প্রসারিত প্রতিযোগিতা। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে শাকিরার কামব্যাক আন্তর্জাতিক ফুটবল মহলে বড় আলোচনার বিষয়। বিশেষ করে ওয়াকা ওয়াকা-র জনপ্রিয়তার পরে নতুন গান নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। আর তাঁর সঙ্গে বার্না বয়ের সংযোজন গানটিকে আরও বড় আন্তর্জাতিক বাজার দিতে পারে বলেই অনেকের ধারণা।

গানের কথায় ফুটবলের মূল চেতনা অক্ষুণ্ণ। রিলিজের ২৪ ঘন্টা যেতে না যেতেই কোটির গণ্ডি ছাড়িয়েছে এই গানের ভিউ। যা খেলোয়াড় এবং ফ্যান উভয়ের জন্যই একটি অনুপ্রেরণামূলক এবং যথেষ্ট উত্তেজনার।
দাই দাই নামের প্রায় চার মিনিটের এই ট্র্যাকটি দুটি ভিন্ন সঙ্গীত জগৎকে নিপুণভাবে মিশ্রিত করেছে এবং আফ্রোবিটস, ডান্স-পপ, ওয়ার্ল্ড বিটস ও রেগেটন-র ছোঁওয়ায় একটি আকর্ষণীয় সুর সৃষ্টি করেছে। বিশ্বকাপের আগে আরও বড় চমক দিলেন শাকিরা। এই গানের রয়্যালটি থেকে প্রাপ্ত সমস্ত টাকা ফিফা গ্লোবাল সিটিজ়েন এডুকেশন ফান্ডে দান করার কথা ঘোষণা করলেন শাকিরা। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং খেলাধুলার সুযোগ তৈরি করার জন্যই এই উদ্যোগ। নাইজিরিয়ার তারকা শিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া এই গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে গ্লোবাল সিটিজ়েন NOW ইভেন্টে। ফিফা এবং গ্লোবাল সিটিজ়েনের পক্ষ থেকে জানানো হয় ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এই প্রকল্পের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। শাকিরা জানান দাই দাই থেকে তাঁর সমস্ত আয় সরাসরি ফিফা গ্লোবাল সিটিজ়েন এডুকেশন ফান্ডে দেওয়া হবে।
যদিও ডাই ডাই একমাত্র থিম সিং নয়। কোকা-কোলাও নিজেদের অফিসিয়াল গান প্রকাশ করেছে। যা তৈরি হয়েছে ভ্যান হ্যালেনের বিখ্যাত জাম্প-এর নতুন সংস্করণে। নির্মাতা জে বালভিন, ট্রাভিস বার্কার, অ্যাম্বার মার্ক ও স্টিভ ভাই। জে বালভিন জানান মূল গানটি ফুটবলকেন্দ্রিক ছিল না। তাই তিনি নতুন স্প্যানিশ লাইন যোগ করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, জাম্প কোনও ফুটবল-গীতি নয়। তাই সেখানে লাতিন আবেগ আর ফুটবলের ভালোবাসা আনতে হয়েছে।
বিশ্বকাপের কাউন্টডাউন যত এগোচ্ছে, ততই বাড়ছে উন্মাদনা। মাঠে লড়াই শুরু হওয়ার আগেই সুরের মঞ্চে গোল করে দিল দাই দাই। শাকিরা আর বার্না বয়ের এই থিম সং এখন ফুটবলপ্রেমীদের নতুন অ্যান্থেম। আর সেই সুরেই যেন বার্তা। ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ, এটা উৎসব, এটা গোটা বিশ্বের এক হওয়ার মঞ্চ। এখন অপেক্ষা শুধু ১১ জুনের। যখন বাঁশি বাজবে, আর শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মহারণ।