বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা : অর্থের বিনিময়ে ভারতে অবৈধভাবে প্রবেশ। নিমতা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি নাগরিক। ভারতে প্রবেশ করে আধার কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বহু নথি তৈরি করে এখানে থাকছিলেন তারা।

রবিবার নিমতা গোলবাগান অঞ্চলে সন্দেহজনকভাবে এক নাগরিককে ঘোরাঘুরি করতে দেখে নিমতা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি সমস্ত কিছু বলতে শুরু করেন। এরপরেই রবিবার রাতে নিমতার ফতুল্লাপুর অঞ্চল থেকে তাদের আশ্রয়দাতা এক ভারতীয় নাগরিক শহিদুল ইসলাম সহ ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে বাংলাদেশ থেকে অর্থের বিনিময়ে তাঁরা এই দেশে আসেন। এরপরে নিমতা ফতুল্লাপুর অঞ্চলে ভারতীয় নাগরিক শহিদুল ইসলামের বাড়িতে থাকতে শুরু করেন। পুলিশ সূত্রে আরও খবর, শহিদুল এদের অর্থের বিনিময়ে এখানে রাখে। ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড ডেবিট কার্ড এমনকি জন্ম শংসাপত্র উদ্ধার হয়। সেগুলোকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটও এই বাংলাদেশি নাগরিকদের থেকে উদ্ধার করা হয়েছে। ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম সুমন গায়েন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সর্দার, জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি। এদের আশ্রয়দাতা হিসেবে ভারতীয় নাগরিক শহিদুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে তুলে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে, এই চক্রে আর কারা জড়িত, কারা এই বাংলাদেশিদের শংসাপত্র, পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে তাও তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর।