Howrah, Sep 01 (ANI): West Bengal Chief Minister Suvendu Adhikari speaks during the launch of a monthly pension of Rs 5,000 to retired journalists under the West Bengal government’s journalist pension scheme and the Mukhyamantri Swasthya Bima Card to beneficiaries under the Mukhyamantri Swasthya Bima Yojana (MMSBY) at Nabanna, in Howrah on Tuesday. (ANI Photo)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার।

সোমবার নবান্নে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আগামী ১৭ সেপ্টেম্বর ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনায় মাসিক ৩০০০ টাকা পাবেন। নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির বসবে। সেখানে অন্নপূর্ণা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ মিলবে।
এ দিন বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা দেওয়ার কর্মসূচিও ছিল নবান্নে। মুখ্যমন্ত্রী জানান, আগে এই ভাতার পরিমাণ ছিল মাসে ১০০০ টাকা। বর্তমান সরকার তা বাড়িয়ে ১৫০০ টাকা করেছে। তিন ধরনের ভাতা মিলিয়ে ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন উপভোক্তা সুবিধা পাচ্ছেন। বছরে এই খাতে সরকারের খরচ হবে ১৪ হাজার ৭৭১ কোটি টাকা।
তবে একই সঙ্গে সামাজিক প্রকল্পে ‘ভুয়ো প্রাপক’ নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বয়স ভাঁড়িয়ে বা ভুয়ো শংসাপত্র দিয়ে অনেকে সরকারি ভাতা নিচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিধবা ভাতার জন্য এক পুরুষের গ্রেফতারির ঘটনাও উল্লেখ করেন তিনি। যোগ্য নন, এমন কেউ যেন অবিলম্বে প্রকল্পের সুবিধা ছেড়ে দেন—বার্তা দিয়েছেন শুভেন্দু।
পাশাপাশি আগের সরকারের আমলের সামাজিক প্রকল্পের অপেক্ষমাণ তালিকা বা ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নতুন সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবিরে যে আবেদন জমা পড়েছে, সেগুলিই বিবেচনা করা হবে।
২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরামর্শও দিয়েছেন শুভেন্দু। যোগ্য হলে ১৫০০ টাকার বদলে তাঁরা মাসে ৩০০০ টাকা পাবেন। বিশেষ ভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রেও একই সুবিধা থাকবে। এই বয়সসীমার প্রায় ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি অন্নপূর্ণার টাকা পেয়ে মাসে মোট ৪৫০০ টাকা পাবেন।
রাজস্ব আদায় বৃদ্ধির দাবিও করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকার ক্ষমতায় আসার পর গত অর্থবর্ষের তুলনায় রাজস্ব ১৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।