New Delhi, Jul 29 (ANI): Union Minister Piyush Goyal addresses the 22nd Jehangir Ratanji Dadabhoy Tata Memorial Lecture 2026, in New Delhi on Wednesday. (ANI Photo/Sumit)
যন্তরমন্তরে পড়ুয়াদের প্রতিবাদে পুলিশি পদক্ষেপ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘রাহুল গান্ধীকে কেউ গুরুত্ব দেন না। গোটা পরিস্থিতি সঠিক ভাবেই সামলানো হয়েছে। কোনও অন্যায় হয়নি।’’

গত ২০ জুলাই দিল্লির যন্তরমন্তরে NEET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন পড়ুয়ারা। সেই আন্দোলনে পুলিশের ‘অত্যাচার ও হেনস্থা’র অভিযোগ তুলে বুধবার সরব হন রাহুল গান্ধী। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তিনি দাবি করেন, শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানানো পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগ করা হয়েছে।
রাহুলের অভিযোগ, এক নাবালিকাকেও জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। তাঁর কথায়, ‘‘প্রথমে জোর করা, তার পরে বাড়িতে লোক পাঠানো, ১৫ বছরের একটি মেয়েকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা এবং তার পর সেই ক্ষমা গ্রহণ করা—এ সবই অর্থহীন। আমরা তা মেনে নেব না।’’ রাহুলের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে, পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ করতে হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে।

সরকারের বিরুদ্ধে আরও আক্রমণ শানিয়ে কংগ্রেস নেতা বলেন, শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তোলা কোনও অপরাধ নয়। বরং সেই ব্যবস্থার পরিবর্তন এবং সংশোধন প্রয়োজন। তাঁর অভিযোগ, আন্দোলনকারীরা হিংসাত্মক ছিলেন না, আগ্রাসী আচরণও করেননি। তা সত্ত্বেও তাঁদের ‘মারধর, হেনস্থা এবং হুমকি’ দেওয়া হয়েছে।
এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করেন রাহুল। তাঁর অভিযোগ, যন্তরমন্তরের ঘটনায় পুলিশি পদক্ষেপের জন্য দায়ী অমিতই। রাহুলের প্রশ্ন, ‘‘যে ব্যক্তি এই হিংসার জন্য দায়ী, যে এই তরুণীর দিকে পেলেট গান চালানোর নির্দেশ দিয়েছেন, তিনি অমিত শাহ।’’ তাঁর আরও দাবি, বিষয়টি নিয়ে সংসদে এসে জবাব দেওয়ার ‘সাহস বা সৌজন্য’ কোনওটাই দেখাননি স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহকে নিয়ে রাহুলের বক্তব্য, এখানে দু’টি সম্ভাবনা রয়েছে— হয় তিনি জানতেন না যে পড়ুয়াদের উপর এমন ঘটনা ঘটছে, সে ক্ষেত্রে তিনি ‘অযোগ্য’; অথবা তিনি নিজেই গুলি চালানো এবং পুলিশি হিংসার নির্দেশ দিয়েছিলেন। ‘‘দু’ক্ষেত্রেই তিনি দায়ী,’’ দাবি রাহুলের।
NEET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার। অন্য দিকে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অসাধু পদ্ধতি রুখতে চলতি বাদল অধিবেশনেই সংসদে পাশ হয়েছে Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026। ফলে পরীক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই রাহুলের অভিযোগের জবাবে কেন্দ্রের পাল্টা সাফাই—যন্তরমন্তরের পরিস্থিতি সামলাতে কোনও অন্যায় করেনি পুলিশ।