Cardiff [Wales], Jul 16 (ANI): England's Joe Root celebrates the win over India in the 2nd ODI, at Sophia Gardens stadium in Cardiff on Thursday. (ANI Photo)
মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া। তবু মুখে আক্ষেপের ছাপ নেই। বরং দলের জয়ই যে তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ জেতানোর পর সেই বার্তাই দিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ভারতের দেওয়া ২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল ইংল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে এক সময় ১২৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। সেই কঠিন পরিস্থিতিতে এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়ে তোলেন রুট। ১৩৩ বলে অপরাজিত ৯৯ রানের ধৈর্যশীল ইনিংসে ছিল ৯টি চার। তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করেই চার উইকেট হাতে এবং ৩৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের এক দিনের সিরিজে ১-১ সমতা ফেরে।
ম্যাচ শেষে রুট বলেন, শতরান না পাওয়ার থেকে দলের জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ‘‘আমি মনে করতে পারছি না, এর আগে কখনও ৯৯ রানে অপরাজিত থেকেছি কি না। তবে আমরা যদি ম্যাচটা হারতাম, তা হলে এই ৯৯ অনেক বেশি কষ্ট দিত। আমরা মাঠে নামি জেতার জন্যই।’’

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, কঠিন পরিস্থিতিতে লড়াই করে জেতার অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য দলের আত্মবিশ্বাস বাড়াবে। তাঁর মতে, সব সময় আক্রমণাত্মক ক্রিকেট খেলে জেতা যায় না, কখনও ধৈর্য ও সংযমও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই পরীক্ষাতেই সফল হয়েছে ইংল্যান্ড।
রুটের নজর এখন সিরিজের শেষ ম্যাচে। রবিবার ঐতিহাসিক লর্ডসে হবে নির্ণায়ক তৃতীয় এক দিনের ম্যাচ। বিশ্বের এক নম্বর এক দিনের দল ভারতকে হারিয়ে সিরিজ জয়ের সুযোগকে রোমাঞ্চকর বলেই মনে করছেন তিনি। পাশাপাশি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের আগে চাপের ম্যাচে এমন জয় দলের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার।
এখন সব নজর লর্ডসে। যেখানে সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।