বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : অভিনেত্রী পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর পায়েল মিঠাই সরকারের জন্মদিন উপলক্ষে দক্ষিণ কলকাতার সোনারপুরে এক বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনার তরী অনন্য সম্মান ২০২৬’ জমকালোভাবে অনুষ্ঠিত হয়ে গেল। জন্মদিন উদযাপনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এক মহৎ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় এই মঞ্চে।

অনুষ্ঠানের মূল আলোকপাত ও সাহায্য প্রদান
অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তাঁদের পরিবারের হাতে চিকিৎসার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এর পাশাপাশি সমাজের আর্থিক ভাবে অনগ্রসর ও দুঃস্থ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ব্যাগ, খাতা-কলম সহ শিক্ষা সামগ্রী এবং তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য আর্থিক সহায়তা।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভার বিধায়িকা (MLA) শর্বরী মুখার্জি এবং সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশীষ ধর। অতিথিরা নিজেদের হাত দিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত ও দুঃস্থ শিশুদের হাতে এই সাহায্য সামগ্রী ও অর্থ তুলে দেন। জন প্রতিনিধিরা পায়েল মিঠাই সরকারের এই ধরনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে, সমাজে এমন উদ্যোগ আরও বেশি করে হওয়া প্রয়োজন।
সহযোগিতায় সোনার তরী চ্যারিটেবল ট্রাস্ট
পায়েল মিঠাই সরকারের এই বিশেষ মানবিক উদ্যোগকে সফল করে তুলতে সার্বিক ও বিশেষ সহায়তা প্রদান করেছে ‘সোনার তরী চ্যারিটেবল ট্রাস্ট’। ট্রাস্টের প্রতিনিধি ও উদ্যোক্তারা জানান, চটকদার উদযাপনের বাইরে গিয়ে সামাজিক কাজের মাধ্যমে জন্মদিন পালন করা একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। আগামী দিনেও দুঃস্থ ও অসুস্থ শিশুদের পাশে এভাবে দাঁড়ানোর অঙ্গীকার প্রকাশ করা হয় এই অনুষ্ঠান থেকে।