বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর আক্রমণ চালানো হয়। ঘটনাটি ঘটে মটেরদীঘি এলাকার ২৫৭ নম্বর বুথে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই হামলা চালানো হলে অন্তত পাঁচজন বিজেপি কর্মী গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে বিজেপি কর্মী-সমর্থকরা বারুইপুর এসপি অফিসের সামনে ধর্নায় বসেন। ধর্নায় অংশ নেন আহত দুই বিজেপি কর্মী বাপন মন্ডল ও সুমন হালদারও।
এদিকে, গুরুতর আহত রাজু সিংহকে পুলিশি সহায়তায় কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।