ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ঘটে গিয়েছে বড়সড় পরিবর্তন। ঘাসফুলের জঙ্গল সরিয়ে একের পর এক জেলায় পদ্ম ফুটেছে। এরইমধ্যে বিধানসভায় শপথগ্রহণ করছেন শাসক ও বিরোধী দলের নির্বাচিত বিধায়করা। তাঁদের মধ্যে ছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। দায়িত্ব পেয়েই জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন তিনি। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরেই খাদ্য দফরের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। জুন মাস থেকে রেশনেও যে পরিবর্তন হতে চলেছে, তা এবার সাফ জানিয়েও দিলেন। রেশনে এবার থেকে উন্নতমানের গম ও চাল দেওয়া হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।

তৃণমূল জমানায় রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল থেকে জামিনের পরেও হাবড়া বিধানসভায় তিনি তৃণমূলের হয়ে লড়েছিলেন এবছর। যদিও দেবদাস মণ্ডলের কাছে পরাজিত হন।
রাজ্যের পূর্বতন সরকারের আমলে খাদ্য দফতরে যে দুর্নীতি হয়েছে, তা নিয়েও বড় বার্তা দিয়েছেন বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই খাদ্য দফতরের আর্থিক দুর্নীতির ফাইল খোলা হবে। আগের মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। দুর্নীতির এই বিশাল চক্র ভাঙার জন্য আধিকারিকদের এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি।
আরপ্লাস নিউজের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে দুর্নীতি বন্ধ করার দায়িত্ব দিয়েছেন। বিগত দিনে রেশনে যে দুর্নীতি হয়ে আসছে, সেসব বন্ধ হবে না। ইতিমধ্যে রেশনে আটা বন্ধ করা হয়েছে। তার বদলে গম দেওয়া হবে। যেসব গম ইতিমধ্যে ভাঙানো হয়ে গিয়েছে , তা মে মাসের রেশনে দেওয়া হতে পারে। তবে জুন মাস থেকে রেশনে কোনও আটা দেওয়া হবে না। নিম্নমানের যে চাল রেশনে দেওয়া হত, তাও বন্ধ করা হবে। এফসিআই যে গম পাঠাবে, সেই গমই যাবে আম জনতার কাছে।
জ্যোতিপ্রিয় মল্লিকের জমানায় যে ব্যাপক রেশন দুর্নীতি হয়েছিল, তেমনটা যদি আবারও হয় ? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, কোনও অফিসার, কোনও আমলা বা কোনও রাজনৈতিক নেতা কাটমানি খেলে, দায়িত্ব অশোক কীর্তনিয়ার। দুর্নীতি বন্ধ করবই।”