জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর বুধবার শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির জরুরি শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে কথিত জমি-দুর্নীতি মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন সুমিত। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন। যদিও পৃথক একটি চাকরি-দুর্নীতি মামলায় সুমিতকে শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছিল আদালত। নির্দেশ ছিল, ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে ডাকলে সেখানেও সহযোগিতা করতে হবে তাঁকে।
সুমিতের আশঙ্কা, চাকরি-দুর্নীতি মামলায় তদন্তকারীর কাছে হাজিরা দিতে গেলে তাঁকে শালবনির জমি-দুর্নীতি মামলায় গ্রেফতার করা হতে পারে। সেই আশঙ্কার কথা জানিয়েই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, শালবনিতে সরকারি জমি ভুয়ো নথি তৈরি করে দখল ও বিক্রির একটি চক্র সক্রিয় ছিল। টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির জন্য জাল নথি তৈরি করা হত এবং সেই প্রক্রিয়ায় সুমিতের ভূমিকা ছিল বলে দাবি তদন্তকারীদের। তবে এই অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত চলছে।
পুলিশের দাবি, তদন্তের সময় সুমিতকে একাধিক ঠিকানায় খুঁজেও পাওয়া যায়নি। এর পর আদালতের দ্বারস্থ হয় পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার পরই আগাম জামিনের জন্য হাই কোর্টে গিয়েছিলেন সুমিত। কিন্তু সেখানে ধাক্কা খাওয়ার পর এ বার তাঁর ভরসা দেশের শীর্ষ আদালত।