ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: একাধিকবার ভারত পাক সীমান্তে উত্তেজনার পারদ চড়েছে। কখনও সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি আবার কখনও তার পাল্টা উত্তর। কাশ্মীর সীমান্তে নিরাপত্তা ক্রমশ আটোসাটো করছে ভারতীয় সেনা।

অপারেশন সিঁদুরের উত্তাপ যেন এখনও কমেনি ভারত পাক সীমান্তে। বিভিন্ন সময়ে দফায় দফায় খণ্ড যুদ্ধ চলছে সীমান্তে। শুক্রবার রাতে ভারতীয় সেনা অভিযান চালায় কাশ্মীরের উধমপুরে। শুক্রবার রাতে হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, উধমপুর সীমান্তে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা থেকে এনকাউন্টার শুরু হয়। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথভাবে অভিযান চালায়। কারা এই হামলার পরিকল্পনা করছিল তা এখনও স্পষ্ট নয়।

জম্মু ও কাশ্মীরের এই উধমপুর ঘাঁটিতে সেনা অভিযানে গুলিবিদ্ধ হন ভারতীয় সেনার একজন জওয়ান। শুক্রবার রাত থেকে অভিযান শুরু হলেও শনিবার পর্যন্ত চলে এই অভিযান। ভারতীয় সেনার ধারণা ২ থেকে ৩ জন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে সেখানে। জঙ্গিদের খোঁজে এনকাউন্টার শুরু করে সেনাবাহিনী। দুপক্ষের গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হন এক সেনা জাওয়ান। তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সেই জওয়ান।
চলতি মাসে একের পর এক সেনা অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। সেপ্টেম্বর মাসের ৮ তারিখ কূলগামে সেনা অভিযান চলাকালীন গুলিবিদ্ধ হয়েছিলেন ২ জওয়ান। আগস্ট মাসের দুই লস্কর জঙ্গিকে এনকাউন্টার করেছিল সেনা। সেপ্টেম্বর মাসে একাধিক অভিযান চলাকালীন বিপুল পরিমাণে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে।
অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে একাধিকবার বিক্ষিপ্তভাবে সংঘাত সৃষ্টি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। কখনও সেনা অভিযান জঙ্গি দমনে আবার কখনো তল্লাশি অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার। আবার বিভিন্ন সময় অনুপ্রবেশ রুখতেও সীমান্তে কড়া প্রহরায় বিএসএফ।