বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : জয় শ্রীরাম বলায় স্কুলের মধ্যে এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছিল সহপাঠীদের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুরের মদারাট পপুলার একাডেমি স্কুল চত্বর। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে।

গত ৪ জুন মদারাট পপুলার একাডেমি স্কুলে দশম শ্রেণির এক ছাত্রকে সহপাঠীরা মারধর করে। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় দেখা যায়, জয় শ্রীরাম বলায় এক ছাত্রকে ক্ষমা চাইতে বাধ্য করছে সহপাঠীরা। ছেলেটি কান ধরে ক্ষমা চাওয়ার পরেও তাকে চর-চাপড় মারা হচ্ছে। কানে ব্যাথা বলে কাকুতি-মিনতি করার পরেও মার থেকে রেহাই মিলছে না। যদিও পরে জানা যায় ওই ছাত্র জয় শ্রীরাম বলেনি। অন্য এক জন জয় শ্রীরাম বলে সমাজ মাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছিল। তার সঙ্গে ওই ছাত্রের চেহারাগত মিল থাকায় তাকেই মারধর করা হয়। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সরব হয় বিজেপি-সহ হিন্দুত্ববাদী একাধিক সংগঠন। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্কুলের তরফে বুধবার সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয় স্কুলে। এ দিন সকাল থেকেই স্কুলের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন, মিছিল করে তারা। বিক্ষোভ ক্রমশ তীব্র হতে থাকে। স্কুলের মধ্যে আটকে পড়েন শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীরা। পুলিশের তরফে এলাকায় এসে মাইক প্রচার করে বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করা হয়। কিন্তু বিক্ষোভকারীরা না সরায় শেষ পর্যন্ত লাঠি চালায় পুলিশ। লাঠি আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বিক্ষোভকারী সংগঠনের নেতৃত্ব।