বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল ইট ভাটা মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়। মৃতের নাম দুধকুমার সর্দার (৩৫)।

তিনি বিজেপি সমর্থক ছিলেন বলেই দাবি পরিবারের। সোমবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইটভাটার একটি ঘর থেকে। ইটভাটাটি ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার ভাই শাহজাহান মোল্লার। বিজেপির দাবি পরিকল্পনা করে খুন করা হয়েছে দুধকুমারকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপি কর্মী দুধকুমার সর্দারের দেহ উদ্ধার করে জীবনতলা থানায় নিয়ে এসেছে পুলিশ। সেখানেই পরিবারের লোকজন দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ইটভাটা মালিকের থেকে কুড়ি হাজার টাকা দাদন নিয়েছিলেন দুধকুমার। সেই টাকা সময় মত পরিশোধ করতে না পারায় তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হচ্ছিল। সেই কারণেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে জীবনতলা থানার পুলিশ।