রিয়া হালদার, সাংবাদিক: আগামী ৩১ অক্টোবর মুক্তি পেতে চলেছে, প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ অভিনীত ছবি ‘রই রই বিনালে’। অসমীয়া ভাষার একটি ছবি ‘রই রই বিনালে’। অনেকেই হয়তো জানেন না, জুবিন গর্গ সঙ্গীতের পাশাপাশি অভিনয়, প্রযোজনা, পরিচালনাও করতেন। তিনি বেশ কয়েকটি অসমীয়া, বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রযোজক হিসেবে কাজ করেছেন অনেক ছবিতে। এবং যে ছবিগুলিতে সঙ্গীত পরিচালনা করেছেন জুবিন, তার বেশিরভাগই অসমীয়া চলচ্চিত্র।

সম্ভবত, জুবিন গর্গ অভিনীত ‘রই রই বিনালে’ সিনেমাটি তাঁর শেষ ছবি এবং শেষ গান গাওয়া। এবং এই ছবিটিতেও অভিনয়, গানের পাশাপাশি পরিচালক হিসেবে কাজ করেছেন জুবিন। তাঁর সঙ্গে পরিচালক হিসেবে কাজ করেছেন রাজেশ ভূঞাও। সাংগীতিক একটি সিনেমা বা মিউজিক্যাল ফিল্ম।
আরও একটি বিষয় কি খেয়াল করেছেন, সিনেমাটিতে যে নাম দেওয়া হয়েছে আমি বলছি সেই কথা। জানেন কি ‘রই রই বিনালে’ কথার আক্ষরিক অর্থ? ‘রই রই’ শব্দের অর্থ “গোলমাল”, “হল্লা”, বা “হৈচৈ” বোঝায়। আর ‘বিনালে’ শব্দের অর্থ “বেজে ওঠা” বা “বাজতে শুরু করা”। এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং গর্গের শিল্পীসত্তা, অসমিয়া সংস্কৃতির প্রতি তাঁর ভালবাসা।

এটি অসমের প্রথম পূর্ণাঙ্গ সঙ্গীত নির্ভর চলচ্চিত্র। ছবির নির্মাতারা একটি প্রেস নোটে জানিয়েছেন ছবির প্রায় সব কাজই শেষ, শুধু ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ বাকি ছিল। এসবের মাঝে জুবিনের চলে যাওয়া। ছবির নির্মাতারা জানান, ‘জুবিন চেয়েছিলেন, ‘রই রই বিনালে’ ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই জুবিনের ইচ্ছাকে সম্মান জানিয়ে ওই দিনই ছবিটি মুক্তি পাবে। শুধু অসমে নয়, সারা দেশে চলবে এই সিনেমা। আসল কণ্ঠই শোনা যাবে ছবিতে।
শিল্পীর প্রয়াণের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি ভারতীয় অনুরাগীরা। এবং বর্তমান পরিস্থিতে ভারত-পাকিস্তান সম্পর্ক যখন তলানীতে। তখন জুবিনের মৃত্যুতে শোকের ছায়া পড়শি দেশ পাকিস্তানেও। আর তাই জুবিনকে বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে পাকিস্তানের জনপ্রিয় ব্য়ান্ড ‘খুদগর্জ’। সম্প্রতি, করাচিতে তাদের কনসার্ট ছিল, যেখানে জুবিনের গাওয়া ‘ইয়া আলি’ গানটি গাইতে শোনা যায় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডের শিল্পীদের।
বলিউড ছবি ‘গ্যাংস্টার’-এর জন্য ‘ইয়া আলি’ গানটি গেয়েছিলেন জুবিন, যা কাশ্মীর থেকে কন্যাকুমারী, ঘরে ঘরে পরিচিত করে তোলে তাঁকে। বলা বাহুল্য, দেশ-কাল-সীমান্তের গণ্ডির মধ্যে যে একজন শিল্পীকে বেঁধে রাখা যায় না। তা জুবিন গর্গের মৃত্যুতে আবারও প্রমাণিত।