ঋক পুরকায়স্ত ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা: প্রথম দফার ভোটগ্রহণের দিন একাধিক জেলায় অব্যাহত থাকল রাজনৈতিক হিংসা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। পোলিং এজেন্টকে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি। অভিযোগ তারপরই তাঁর উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন। ওই এলাকায় হামলার সময়কার যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে উপস্থিত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিনে প্রার্থীর ওপর এহেন আক্রমণের ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উষ্মা প্রকাশ করেছে কমিশন।
ঘটনার সূত্রপাত কুমারগঞ্জের ২৪ নম্বর বুথকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের একদল কর্মী বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিচ্ছিল। খবর পেয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে এবং শারীরিক নিগ্রহ করে। ব্যাপক মারধরের জেরে জখম হয়েছেন শুভেন্দুবাবু। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নির্বাচন কমিশন। স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, বুথে তাঁর পোলিং এজেন্টকে বসতে বাধা দিচ্ছিল শাসকদলের কর্মীরা। খবর পেয়ে তিনি সেখানে পৌঁছলে তাঁকে তাড়া করে উত্তেজিত জনতা। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিল, চড়, ঘুষি ও লাথি মারা হয়। এই হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও দেখা মেলেনি বলে অভিযোগ বিজেপির। সময় মতো কুইক রেসপন্স টিমকেও দেখা যায়নি। এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়।