মাম্পি রায়, সাংবাদিক: আবারও দুর্গাপুজোর উদ্বোধন হয়ে উঠল রাজনীতির ময়দান। মহালয়া থেকেই পুজো উদ্বোধণ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে এখন উৎসবের আমেজ। এরইমধ্যে শুক্রবারই সন্তোষমিত্র স্কোয়ারে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সন্তোষমিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর। পহেলগাঁওতে হত্যাকাণ্ডের পর পাকিস্তানের থেকে বদলা নিতে অপারেশন সিঁদুর করেছিল ভারতীয় সেনাবাহিনী। তাকেই এবার থিমসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে সন্তোষমিত্র স্কোয়ারের পুজোয়।

উদ্বোধন হতেই ভিড় উপচে পড়েছে মণ্ডপে। মণ্ডপের ভিতরে সাবেকি সাজে অধিষ্ঠিতা মা দুর্গা।

এই সন্তোষমিত্র স্কোয়ারের পুজো ঘিরে এবার সরগরম হয়ে উঠল বঙ্গ রাজনীতির ময়দান। বাংলায় সরস্বতী পুজো হয় না, দুর্গাপুজো হয় না, এমনই অভিযোগ তুলে প্রায়ই শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিজেপি নেতৃত্বরা। এবার অমিত শাহর পুজো উদ্বোধনকেই হাতিয়ার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। আজকে যাঁরা বাংলায় এসে দুর্গাপুজোর উদ্বোধন করছেন, তাঁরাই পাঁচ বছর আগে বলত, বাংলায় দুর্গাপুজো হয় না। অমিত শাহর বক্তব্য পরস্পর-বিরোধী বলেও তোপ দাগেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

এর আগে একাধিক নির্বাচনের প্রচারে হিন্দুদের দুর্দশার কথা বলতে গিয়ে মোদী, শাহ বলেছেন, বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। তোষণের রাজনীতি করতে গিয়ে রাজ্য সরকার পুজোয় বাধা দেয় বলেও অভিযোগ তোলেন তাঁরা। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই সময় নষ্ট করা চলবে না। দুর্গোৎসবের আবহেও রাজনীতি চালিয়ে যাওয়া মাস্ট। সেজন্যই তো, পুজো উদ্বোধনকে হাতিয়ার করে অমিত শাহকে তীব্র নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর কলেজে গিয়ে বাংলার সমাজ সংস্কারককে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। সেখানেই দুর্গাপুজো নিয়ে শাহ এবং বিজেপি নেতৃত্বকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক আরও বলেন, যে দুর্গাপুজো করতে দেওয়া হয় না বলে বিজেপি অভিযোগ তোলে, আজ সেই দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। তাও এই তৃণমূলের সরকারের আমলে। বিজেপি-শাসিত কোনও রাজ্যের উৎসব বা উদযাপন এই স্বীকৃতি পায়নি। আমাদের কন্যাশ্রীও আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। বাংলার থেকে এদের শেখা উচিৎ বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।