বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় থার্মোকলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাত আনুমানিক আড়াইটে নাগাদ হঠাৎ করেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টির বেশি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনও দমকলের ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেলেও, এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল। গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলে জানা গিয়েছে—গ্যাসের ব্যবহার, শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে আনন্দপুরের অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ১৩ জন নিখোঁজ বলে এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। সোমবার প্রজাতন্ত্র দিবসের সকালে মর্মান্তিক এমন ঘটনার খবরে রীতিমতো আতঙ্কের ছায়া নেমে আসে। প্রশাসনের পক্ষ থেকেও শুরু হয় তৎপরতা। দিনভর নিখোঁজ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শোকার্ত পরিবারের পাশে সমস্ত রকমের সহযোগিতার বার্তা দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার শ্রীকৃষ্ণ মাইতি, বাপন মাঝি, সমরেশ পথিকর, তপন দোলুই, ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল, তমলুক ব্লকের দেবাদিত্য দিন্দা, বিমল মাইতি, গোবিন্দ মণ্ডল, রামপদ মণ্ডল, ক্ষুদিরাম দিন্দা, শশাঙ্ক জানা, এছাড়াও নন্দকুমারের গড়গোদা এলাকার বাসিন্দা সন্দীপ মাইতি সহ মোট ১৩ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ।

এদিকে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ক্ষোভ উগরে দিয়ে ক্ষতিগ্রস্ত গুদামের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। খেয়াদহ ২ পঞ্চায়েতের ৩ নম্বর মণ্ডল বিজেপি নেতৃত্বের তরফে নাজিরাবাদে বিক্ষোভ দেখানো হয়। পতাকা হাতে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির দাবি “অবৈধভাবে জলা জমি ভরাট করে এই সমস্ত গুদাম তৈরি হয়েছিল। অবৈধ গুদাম ভেঙে ফেলা মৃতদের ক্ষতিপূরণের দাবি জানান বিজেপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে আসেন প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। ময়নার বহু শ্রমিক ওই কারখানায় ছিলেন। সকাল ১১ টা নাগাদ নাজিরাবাদের ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর গাড়ি ঢোকার সময়, গাড়ির সামনেই পতাকা হতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।