ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন দফতরে তৃণমূলের করা দুই জনস্বার্থ মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট। সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে চায়নি আদালত। রাজ্যের বিভিন্ন IAS, IPS, ওসি ও বিডিও সহ ২৬৭ জনকে বদলির জনস্বার্থ মামলা খারিজ করে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ভোটের ঘোষণার পর কমিশনের বদলির সিদ্ধান্তে প্রশ্ন তোলা যায় না। দেশের অন্যান্য পাঁচ রাজ্যেও বিধানসভা নির্বাচন চলার কারণে সেখানে অফিসারদের বদলি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গেও তুলনামূলকভাবে কম বদলি হয়েছে।
হাইকোর্টের পর্যবেক্ষণ, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক নিয়মের অংশ। কোনো আধিকারিকের আপত্তি থাকলে তিনি আলাদাভাবে আবেদন করতে পারেন। তবে এই বদলির কারণে জনস্বার্থে কোনো ক্ষতি বা প্রশাসনের কার্যক্রমে প্রভাব পড়ার প্রমাণ দেখানো সম্ভব হয়নি।
এদিকে, মামলাকারী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের ভিত্তিতে ৩০ মার্চ আরও একটি মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছিল, যা শুনানির একদিন পরই খারিজ করা হয়।
