বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানে পশুপাখি পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই আবহে সুপারভাইজার পল্লব ভারতী কে নিয়ে বুধবার রাতে তাঁর বৈষ্ণব পাড়ার বাড়িতে তল্লাশি চালালো বারুইপুর থানার পুলিশ।

আনা হয়েছিল তাঁর স্ত্রী ও ছেলেকেও। এই আরণ্যক বনভোজন উদ্যানে দেশি বিদেশী পাখি পাচারের অভিযোগে বারুইপুর থানার পুলিশ বুধবার দুপুরে পল্লব ভারতীকে প্রথমে আটক করে। তারপরে রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্তকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই উদ্যানে ১৩ টি ময়ূর সহ নানা পাখির হদিশ ছিল না। অভিযোগ, বেশ কিছু পাখি ও ময়ূর মারাও যায়। এদিন,রাতে তল্লাশি চালানোর সময় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

বারুইপুর পুরসভার সাফাই বিভাগের সুপারভাইজার পল্লব এর তিনতলা প্রাসাদোম বাড়িতে প্রতি ঘরে তল্লাশি চালায় পুলিশ। এলাকার লোকজনের ভিড় জমে যায়। সূত্রের খবর পাওয়া গিয়েছে, বাড়ির বাইরে থেকে উদ্ধার হয় ময়ূরের পালক। যা ঘর সাজানোর কাজে লাগে। পাওয়া গিয়েছে আফ্রিকান টিয়া ও কাকাতুয়া পাখি। ঘরের ভিতরে বাক্স থেকে বেশ কিছু দলিল, কিছু চেক বই পাওয়া যায়। একই সঙ্গে তল্লাশি চলে আদিগঙ্গার পাশে আরণ্যক বনভোজন উদ্যান লাগোয়া চায়ে ক্যাফে নামক পল্লব এর রেস্তোরায়। সেখানে একাধিক রেজিস্ট্রিশন খাতা বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত সুপারভাইজারকে নিয়ে তাঁর ঢাকুরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালায় পুলিশ।