প্রথম দিনে আয় মাত্র ১০ লক্ষ টাকা। প্রথম দু’সপ্তাহে ছবির ভাঁড়ারে জমা পড়েছিল মোটে ১.৪৮ কোটি। সেই ছবিই পরে আচমকা ঘুরে দাঁড়িয়ে বক্স অফিসে ছাপ ফেলেছে। আধ্যাত্মিক ছবি ‘হনুমান অংশ’ এখন ভারতীয় বক্স অফিসে ৬০ কোটির গণ্ডি পেরিয়েছে। ছবির এই অপ্রত্যাশিত সাফল্যে মুগ্ধ অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটির প্রশংসা করে তিনি লিখেছেন, ‘‘থেরাপি বাদ দিন, হনুমান অংশ দেখতে যান।’’

৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বিশাল চতুর্বেদী পরিচালিত ছবিটি। বড় কোনও বলিউড তারকা নেই, প্রচারও ছিল সীমিত। ফলে শুরুটা একেবারেই নজরকাড়া ছিল না। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ছবিটি আয় করে ১.০৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে যোগ হয় মাত্র ৪০ লক্ষ। ১৪ দিনে মোট আয় দাঁড়ায় ১.৪৮ কোটি। তার পরেই বদলে যায় ছবির ভাগ্য।
তৃতীয় সপ্তাহে ‘হনুমান অংশ’ আয় করে ১০.৪ কোটি টাকা। ১৭তম দিনে আয় ২.২ কোটি, ১৯তম দিনে ২.৩৫ কোটি। চতুর্থ সপ্তাহে যেন আরও গতি পায় ছবি। ২২তম দিনে ৬.২৫ কোটি, ২৩তম দিনে ৯.২৫ কোটি এবং ২৪তম দিনে ১২.৭৫ কোটি টাকা আয় করে ছবিটি। অর্থাৎ, মুক্তির ২৪তম দিনেই এক দিনে যা আয় করেছে, প্রথম দু’সপ্তাহ মিলিয়েও তা করতে পারেনি।
বর্তমানে ছবিটির ভারতীয় বাজারে মোট আয় ৬৪.৮৯ কোটি টাকা, নেট আয় ৫৫.০৩ কোটি। ৩,১৪১টি শো-তে চলছে ছবিটি।
‘হনুমান অংশ’ মূলত নিম করোলি বাবার জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে তৈরি আধ্যাত্মিক ছবি। শোভিনাও সত্যা, বিহান শেডগে, চন্দন আনন্দ-সহ একাধিক অভিনেতা রয়েছেন ছবিতে।
বড় তারকা বা জাঁকজমকপূর্ণ প্রচার ছাড়াই এই সাফল্যের নেপথ্যে দর্শকের মুখে-মুখে ছবির প্রচারকেই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। টক্সিক সহ বড় ছবির ভিড়ের মাঝেও ধীরে ধীরে দর্শক খুঁজে নিয়েছেন ‘হনুমান অংশ’-কে। আর সেই ‘ওয়ার্ড অফ মাউথ’-ই শেষ পর্যন্ত বদলে দিয়েছে ছবির বক্স অফিসের হিসাব।