রবিবার সকাল ১১টায় সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধুমাত্র বাজেট পাঠই নয়, আগামীদিনে ‘বিকশিত ভারত’-এর জিপিএসও সেট করে দেবেন তিনি। আর ঠিক সেই মুহূর্তেই দালাল স্ট্রিটে শুরু হবে খেলা। অভিজ্ঞ ট্রেডাররা জানেন—লাভ আর লোকসানের ফারাক অনেক সময় একটি মাত্র শব্দের ওপরেই নির্ভর করে।

গত ১২ মাসের অর্থনৈতিক গতি এবং সরকারের ‘ভিশন ২০৪৭’-কে সামনে রেখে রবিবার বাজেটের দিন নজর থাকবে মূলত পাঁচটি সেক্টরে।
১. প্রতিরক্ষা: রফতানির নতুন গল্প
‘আত্মনির্ভর ভারত’-এর প্রথম অধ্যায় প্রায় সম্পূর্ণ। প্রতিরক্ষা উৎপাদনে ১.৫ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রায় পৌঁছনো গিয়েছে। এবারে নজর বিদেশমুখী।
রফতানি বাড়াতে আলাদা করে ‘ডিফেন্স এক্সপোর্ট প্রোমোশন ফান্ড’ বা ডিপ-টেক স্টার্টআপের জন্য করছাড়ের ঘোষণা হবে কিনা, সেদিকে মুখিয়ে রয়েছে শেয়ারবাজার। শিগগিরই বছরে ৫০ হাজার কোটি টাকার রফতানিটাই লক্ষ্য সরকারের।
HAL, BEL, মাজগাঁও ডক, ডেটা প্যাটার্নস—এই শেয়ারগুলিতে প্রবল উথালপাতাল হতে পারে। তবে সাবধানতার জায়গাও রয়েছে।
২. গ্রিন এনার্জি: হাইড্রোজেনের উড়ান
ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের ‘ডিপ্লয়মেন্ট ফেজ’ শুরু হয়েছে। এবার লক্ষ্য উৎপাদন থেকে ব্যবহার। ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং যদি ভারী যানবাহন—বাস, ট্রাকের জন্য ঘোষণা হয়, অথবা কান্ডলা, পারাদ্বীপের মতো বন্দরে ‘গ্রিন হাইড্রোজেন হাব’ তৈরির কথা বলা হয়, তাহলে এই সেক্টরে কার্যত ঝড় উঠতে পারে। ‘গ্রিন অ্যামোনিয়া’ বা ‘ইলেক্ট্রোলাইজার পিএলআই এক্সপ্যানশন’—এই শব্দগুলিই আশা দেখাতে পারে।
৩. রেল: ট্র্যাক ছেড়ে গতির দিকে
বিদ্যুতায়ন প্রায় সম্পূর্ণ। এখন প্রশ্ন গতি আর মালবাহী দক্ষতা। বাজেটে যদি যানজট রুটে মাল্টি-ট্র্যাকিংয়ের জন্য ‘সুপার ক্রিটিক্যাল প্রজেক্ট’-এর বরাদ্দ বাড়ে বা মুম্বই-আহমেদাবাদের বাইরে বুলেট ট্রেন করিডরের ইঙ্গিত মেলে, তাহলে রেল শেয়ার দৌড়োতে পারে। সেক্ষেত্রে নজরে রাখুন RVNL, IRFC, টিটাগড় রেল, জুপিটার ওয়াগনস। তবে অর্থমন্ত্রী যদি ‘বাজেটারি সাপোর্ট কমিয়ে ধার বাড়ানো’-র কথা বলেন তাহলে জোর ধাক্কা খেতে পারে IRFC.
৪. পরিকাঠামো: ক্যাপেক্সের ইঞ্জিন
পাঁচ বছর ধরে সরকার ক্যাপেক্সে জোর দিয়েছে। তবে ঘাটতি সামলাতে ব্রেক কষবে না তো? সেটাই আশঙ্কা। ১২.৫ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ মানে বাজারে স্বস্তি। ১১ লক্ষ কোটির নিচে বরাদ্দর অর্থ হতাশা। তাই নজর থাকুক L&T, আল্ট্রাটেক, PNC ইনফ্রাটেক-এ।
৫. নিউ-এজ টেক ও ইলেকট্রনিক্স (PLI 2.0)
মোবাইল উৎপাদনে সাফল্য এসেছে। এবার চ্যালেঞ্জ কম্পোনেন্ট, ইভি চার্জিং আর ব্যাটারি কেমিক্যাল। বাজেট বরাদ্দের দিকে তাকিয়ে রয়েছে ডিক্সন, কেইন্স টেকনোলজি, টাটা কেমিক্যালসের মতো শেয়ার ।
ফাঁদে পা নয়: কৃষি সেক্টর
বাজেটে কৃষি থাকবেই। কিন্তু বেশিরভাগ সময় সেক্ষেত্রে ভর্তুকির ঘোষণা থাকে। যদি কাঠামোগত সংস্কারের ঘোষণা না করা হয়, করোমন্ডল বা ইউপিএল প্রসঙ্গ উঠলেও বিকেলের মধ্যেই লাভ উধাও হতে পারে।
সবমিলিয়ে রবিবার শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। কারণ বাজেটে শুধু অঙ্কের ব্যাপার নয়, সূচকের দিক ঠিক করতে শব্দও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।