বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বিজেপির বিজয়া মিছিল কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর উপকূল। বিজেপির বিজয়া মিছিল ঘিরে রবিবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোম্পানি ছাড়া এলাকা।

অভিযোগ, তৃণমূলের এক বুথ সভাপতির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে এলাকায় একটি বিজয়া মিছিলের আয়োজন করেছিল বিজেপি। অভিযোগ, মিছিলটি যখন কোম্পানি ছাড়া এলাকার ২৫ নম্বর বুথের পাশ দিয়ে যাচ্ছিল, তখন একদল বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলের বুথ সভাপতি কবাক শেখের বাড়িতে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বাড়ির বিদ্যুতের লাইনে ‘জাম্পার’ ফেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর চলে ব্যাপক ভাঙচুর। ওই সময় বুথ সভাপতি বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা চলে এবং শেষে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছায় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশি টহল জারি রাখা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই হামলা এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।