মাম্পি রায়, সাংবাদিক : জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বিজেপি বিধায়কদলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকেই পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi).

শুক্রবার বিকেলে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) বিজেপির জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ এবং সহ-পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)। বৈঠকের পর শাহ বলেন, “আটটি প্রস্তাব জমা পড়েছিল। সব প্রস্তাবেই একটাই নাম ছিল। দ্বিতীয় কোনও নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করা হচ্ছে।”
বিজেপির অন্দরে অনেক দিন ধরেই শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছিল। তার প্রধান কারণ, পরপর দু’বার তিনি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। ২০২১ সালে নন্দীগ্রামে এবং এ বার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতাকে হারিয়েছেন। শুধু জিতেই থামেননি, ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। পাশাপাশি নন্দীগ্রামেও জয় পেয়েছেন। ফলে বিজেপির একাংশের মতে, এত বড় রাজনৈতিক লড়াইয়ের মুখ হয়ে ওঠা নেতাকে উপেক্ষা করে চায়নি কেন্দ্রীয় নেতৃত্ব।
তবে বিজেপির অতীত ইতিহাস ঘিরে কিছুটা জল্পনা ছিলই। অন্য রাজ্যে একাধিক বার মুখ্যমন্ত্রী নির্বাচনে চমক দিয়েছে দল। ফলে বাংলাতেও নতুন কোনও মুখ সামনে আনা হতে পারে বলে আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে শুভেন্দুর নামেই সিলমোহর দেওয়া হল।
এ বারের বিধানসভা নির্বাচনে ২৯৪টির মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। একটি কেন্দ্রে এখনও পুনর্নির্বাচন বাকি। ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিয়ে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরই মধ্যে বিধানসভা ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করেছেন রাজ্যপাল আরএন রবি। তারপরই শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন অমিত শাহ। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান।