আন্তর্জাতিক ফুটবলে লিয়োনেল মেসির দীর্ঘ যাত্রার অবসানে তাঁকে শ্রদ্ধা জানালেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি। মেসির সঙ্গে ভারতে তাঁর ঐতিহাসিক সাক্ষাতের কথাও স্মরণ করেছেন জয়।

মঙ্গলবার ইনস্টাগ্রামে মেসির উদ্দেশে জয় লেখেন, ‘‘এক যুগ-নির্ধারণকারী আন্তর্জাতিক যাত্রার অবসান হল। ভারতে তোমার ঐতিহাসিক সফরের সময় আমাদের সাক্ষাতের কথা মনে পড়ছে। মাঠে তোমার অতুলনীয় প্রতিভার মতোই তোমার অসাধারণ বিনয়ও আমাকে মুগ্ধ করেছিল।’’
সেই সাক্ষাতের সময় মেসির হাতে ভারতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দিয়েছিলেন জয় শাহ। দুই ভিন্ন খেলার তারকার সেই মুহূর্তকে ‘গর্বের ক্রস-স্পোর্টস মুহূর্ত’ বলেও উল্লেখ করেছেন তিনি। মেসির আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান।
আন্তর্জাতিক ফুটবলে মেসির কীর্তি অবশ্য দীর্ঘ দিনের। আর্জেন্টিনার হয়ে ২০৩টি ম্যাচ খেলে ১২৪টি গোল করেছেন তিনি। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করা ফুটবলারও মেসিই। দক্ষিণ আমেরিকার ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা তিনি।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০২২ সালে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচে দু’টি গোল করার পাশাপাশি পেনাল্টিতেও গোল করেন মেসি। নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ থাকার পর টাইব্রেকারে ৪-২ জয় পায় আর্জেন্টিনা।
এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে ২৮ বছরের ট্রফিখরা কাটিয়েছিল আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকা জেতে তারা। ২০১৬ সালে চিলির কাছে কোপা আমেরিকা ফাইনালে হারের পর এক বার অবসরের ঘোষণা দিয়েও ফিরে এসেছিলেন মেসি।
২০০৬ থেকে ২০২৬—ছ’টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ৩৪ ম্যাচে তাঁর গোল ২১টি। এ বারের বিশ্বকাপেও আট গোল ও চারটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেও ক্লাব ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।