New Delhi, Jul 22 (ANI): Proceedings of the Lok Sabha get adjourned during the Monsoon Session of the Parliament, in New Delhi on Wedneday. (Sansad TV/ANI Video Grab)
সংসদের বাইরে বিক্ষোভ, ভিতরে স্লোগান—শুক্রবার জোড়া চাপে কার্যত অচল হয়ে পড়ল লোকসভা। বিরোধী সাংসদদের লাগাতার বিক্ষোভ এবং হট্টগোলের জেরে স্পিকার ওম বিড়লা অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন। তার আগে তিনি বিরোধী সদস্যদের একাধিক বার আসনে ফিরে প্রশ্নোত্তর পর্ব চলতে দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে সংসদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে কড়া বার্তাও দেন তিনি।

অধিবেশন শুরু হতেই বিরোধী সদস্যরা ২০ জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে সরব হন। স্লোগান ও বিক্ষোভের জেরে প্রশ্নোত্তর পর্ব চালানো সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্পিকার বলেন, সংসদ এবং সংসদ ভবন চত্বরের মর্যাদা বজায় রাখা প্রত্যেক সদস্যের দায়িত্ব। তিনি জানান, বহু সদস্য লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এ সময় কিছু সদস্যের উদ্দেশে কড়া মন্তব্যও করেন তিনি।
এর আগে সকালে সংসদ ভবন চত্বরে মকর দ্বারে বিক্ষোভে সামিল হন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সাংসদেরা। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, “অমিত শাহ সংসদ সে গায়েব কিউঁ?” তাঁদের অভিযোগ, ২০ জুলাই ছাত্র-যুব আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে সরকার এখনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে হওয়া সেই বিক্ষোভে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। বিরোধীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন দমনে অযথা বলপ্রয়োগ করা হয়েছে। যদিও এই অভিযোগে এখনও সরকারের তরফে বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে একই দিনে সদ্য সংসদে পাশ হওয়া পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬-কে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যম এক্সে তিনি লেখেন, এই আইন দেশের পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর দাবি, মেধাভিত্তিক পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে এই আইন কঠোরতম প্রতিরোধ গড়ে তুলবে। অপরাধীদের জন্য কঠিন শাস্তির বিধান থাকায় ভবিষ্যতে প্রশ্নফাঁস ও পরীক্ষায় কারচুপির মতো অপরাধ অনেকটাই রোখা সম্ভব হবে বলেও আশাবাদী তিনি। একই সঙ্গে শাহের বক্তব্য, দেশের যুবসমাজ যাতে সৎ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সেই লক্ষ্যেই এই আইন কার্যকর ভূমিকা নেবে।