প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা: সরকারি অনুদান ছাড়াই দুর্গাপুজোর আয়োজন করে নজির গড়লেন দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মহিলারা। এবছর ৩২তম বর্ষে পদার্পণ করেছে তাঁদের দুর্গাপুজো। সরকারি অনুদানের উপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেই পুজোর আয়োজন করে আসছেন তাঁরা।

পুজোর পাঁচটি দিনজুড়ে আবাসনে ছিল উৎসবের আবহ। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন আবাসনের মহিলারা থেকে শুরু করে অন্যান্য আবাসিকরাও। শুধু পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে পাঁচ দিনই আবাসিকদের নিয়ে খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন করা হয়। পুজোকে ঘিরে আবাসনের বাসিন্দাদের মধ্যে গড়ে ওঠে এক আন্তরিক মিলনমেলা। নিজেদের উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মধ্য দিয়ে ৩২ বছরের এই পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মহিলারা।সরকারি অনুদান ছাড়াই তাঁদের এই পুজোর আয়োজন এলাকায় বিশেষ নজর কেড়েছে।