New Delhi, Jul 22 (ANI): Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi addresses a press conference at Indira Bhawan, in New Delhi on Wednesday. (ANI Photo/Rahul Singh)
নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন এবং সংসদে তা নিয়ে আলোচনার দাবিকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশের ছাত্ররা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তখন বিরোধী দলেরও তাঁদের পাশে দাঁড়ানো কর্তব্য। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে নেমেছিল কংগ্রেস-সহ বিরোধী জোট।

রাহুলের অভিযোগ, সংসদে নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছে কেন্দ্র। তাঁর দাবি, বিরোধী নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লার কক্ষে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনার আবেদন জানিয়েছিলেন। স্পিকার সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত কোনও আলোচনা হয়নি। রাহুলের কথায়, ‘‘ছাত্ররা যখন রাস্তায়, তখন বিরোধীদেরও রাস্তায় থাকা উচিত। তবে আমাদের স্বাভাবিক ক্ষেত্র সংসদ। আমরা প্রথমে সংসদেই আলোচনার চেষ্টা করেছিলাম, কিন্তু সরকার বিষয়টি এড়িয়ে গিয়েছে।’’
মঙ্গলবার লোক কল্যাণ মার্গে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ। সেই ঘটনার উল্লেখ করে রাহুল ফের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থার অনিয়ম এবং প্রশ্নফাঁস কাণ্ডের প্রতীক হয়ে উঠেছেন ধর্মেন্দ্র। ছাত্রদের প্রতি সম্মান জানাতেই তাঁকে পদ ছাড়তে হবে।
রাহুল আরও দাবি করেন, ছাত্র আন্দোলনে যাঁরা পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছেন, সেই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান তিনি। তাঁর কথায়, প্রশ্নফাঁসের ঘটনাকে ধামাচাপা দিতেই সরকার নানা ইস্যু সামনে আনছে। কিন্তু কংগ্রেস এই বিষয়টি থেকে সরে আসবে না। প্রথমে জবাবদিহি নিশ্চিত করতে হবে, তারপর পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের রূপরেখা সামনে আনতে হবে।
এ দিন সংসদ চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভে সামিল হন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ যাদব-সহ বিরোধী জোটের একাধিক সাংসদ। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যেও কংগ্রেস কর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, ছাত্রদের আন্দোলন দমন করতে পুলিশি শক্তির অপব্যবহার করা হয়েছে এবং বিরোধী নেতাদের অন্যায়ভাবে আটক করা হয়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, নিট প্রশ্নফাঁস এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনায় সরকার প্রস্তুত। তবে সেই আলোচনা কী ভাবে এগোবে, তা নিয়ে সরকার ও বিরোধীদের টানাপোড়েন এখনও অব্যাহত।