Nagpur, Jun 26 (ANI): Shiv Sena (UBT) Chief Uddhav Thackeray speaks as he arrives at Dr. Babasaheb Ambedkar International Airport for their scheduled visit to Vidarbha and Marathwada, in Nagpur on Friday. (ANI Photo)
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে চলা আন্দোলনের পাশে দাঁড়ালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি জলবায়ু আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। তাঁর দাবি, এটি কোনও রাজনৈতিক লড়াই নয়, বরং দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ রক্ষার আন্দোলন।

উদ্ধবের কথায়, “দেশকে জাগতে হবে। ঘুমিয়ে থাকলে চলবে না। সব রাজনৈতিক দলের উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনের পাশে দাঁড়ানো।” তিনি জানান, ওয়াংচুককে অনশন না করার পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের উদাসীন মনোভাবের কারণেই পরিস্থিতি এত দূর গড়িয়েছে বলে অভিযোগ তাঁর।
যন্তর-মন্তরে গত ২০ জুন থেকে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সিজেপি। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনটি। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। আগামী ২০ জুলাই সংসদ অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

এ দিন উদ্ধব অভিযোগ করেন, মহারাষ্ট্রই নিট প্রশ্নপত্র ফাঁসের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। অথচ দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তা হলে ধর্মেন্দ্র প্রধানকে সরাতে আপত্তি কোথায়?” পাশাপাশি আন্দোলন ভাঙতে দুষ্কৃতীদের পাঠানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে।

শুধু সমর্থনেই থেমে থাকেননি উদ্ধব। তিনি জানান, তাঁর দলের সাংসদরা সংসদের অধিবেশনেও বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবেন। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ সব বিরোধী দল এবং সাধারণ মানুষকে ২০ জুলাইয়ের আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার ১৩ অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ সম্প্রতি ২৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে দিল্লির একটি আদালত।