ভুটানে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সৌরচালিত সেচ প্রকল্প। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার রাতে ভুটানের মো চু নদীতে আচমকা হড়পা বান আসে। এর জেরে ভুটানের পুনাখা জেলার গুমা গেওগের অন্তর্গত দোছুখা-জোমলিংথাং-রিৎসা চিউওগ এলাকায় অবস্থিত সৌরচালিত জল উত্তোলন ও সেচ প্রকল্পটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, হড়পা বানের পর থেকেই সেচ প্রকল্পটির কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সেচের সমস্যা সমাধানের লক্ষ্যে চলতি বছরের গোড়ার দিকে এই সৌরচালিত সেচ প্রকল্পটি স্থাপন করা হয়েছিল। অন্যদিকে, হড়পা বানের জলে ভেসে আসা পাথর, কাদা ও অন্যান্য ধ্বংসাবশেষ জমে পুনাখা-গাসা জাতীয় সড়কের জোমলিংথাং এলাকার একটি অংশ ঢেকে গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং অসমের ধুবড়ি জেলায় নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের পূর্বাভাস, আগামী ৬-৮ ঘণ্টার মধ্যে বন্যার জল ভারতের সীমান্তে পৌঁছতে পারে।