Prayagraj, Jun 08 (ANI): Kanwariya walk on a road while they carry metal pots filled with holy water from the Ganga River during the month of Purshotam (Adhi mash), in Prayagraj on Monday. (ANI Photo)
রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : হাওড়ায় শ্রাবণ মাসের প্রথম সোমবার, ৩রা আগস্ট রামনবমীর আদলে ভগবান শিবের উদ্দেশ্যে এক বর্ণাঢ্য সনাতন কাঁওড় যাত্রা অনুষ্ঠিত হবে। সনাতন যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই যাত্রা হাওড়ার হাঁসখালী ব্রিজ থেকে শুরু হয়ে কলকাতার প্রসিদ্ধ ভুতনাথ মন্দির পর্যন্ত যাবে।

ইতিমধ্যেই এই কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে।সংস্থার সভাপতি প্রমোদ দুবে এবং কর্মসূচির আহ্বায়ক সূরজ বর্মা এক সাংবাদিক বৈঠকে জানান, কাঁওড় যাত্রার জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক হাজার জন ভক্ত নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁরা জানান, এই যাত্রায় অংশ নিতে ইচ্ছুক সকল শিবভক্তকে স্বাগত জানানো হবে। সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের বিনামূল্যে পোশাক, কাঁওড় এবং জল বহনের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হবে।

আয়োজকদের দাবি, যাত্রায় ভগবান শিবের আকর্ষণীয় ঝাঁকি, ঢাক-ঢোল এবং ভক্তিমূলক সঙ্গীত থাকবে। কাঁওড়িয়াদের সুবিধার জন্য যাত্রাপথে একাধিক সেবা শিবির, মেডিক্যাল ক্যাম্প, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হবে। এছাড়াও, এ বছর যাত্রাপথে ভক্তদের ওপর ফুল বর্ষণেরও পরিকল্পনা করা হয়েছে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর রামনবমীর আদলে এত বড় কাঁওড় যাত্রার আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে প্রমোদ দুবে বলেন, গত কয়েক বছর ধরেই কাঁওড় যাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন সমস্যার কারণে এত বড় আকারে আয়োজন করা সম্ভব হয়নি। তাঁর দাবি, এবার পরিস্থিতি অনুকূল হওয়ায় আরও বৃহৎ পরিসরে এই যাত্রার আয়োজন করা হচ্ছে এবং এতে হাজার হাজার শিবভক্ত অংশ নেবেন বলে তাঁদের আশা।