ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ।

হাওড়া স্টেশন চত্বরকে পুরোপুরি বেআইনি দখলদার মুক্ত করতে সরাসরি আসরে নেমেছে রেল প্রশাসন। হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চালিয়েছে আরপিএফ। বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বেআইনি গুমটি ও দোকানপাট। দীর্ঘদিন ধরে হাওড়া স্টেশনে ঢোকার প্রধান রাস্তাগুলোয় এই হকারদের দেখা যেত। রাস্তার দু’ধারে ডালা, ঠেলাগাড়ি আর গুমটি বসিয়ে ব্যবসা করা এমন বহু মানুষের এখন মাথায় হাত। এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মামলা এবার সরাসরি কলকাতা হাইকোর্টে।
হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য নির্দেশ দেন,
- হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে হবে রেল কর্তৃপক্ষকে ।
- ওই শুনানিতে উপস্থিত থাকবে হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধি।
- শুনানির পরে উচ্ছেদ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ।
- সেই সিদ্ধান্ত রিপোর্ট আকারে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে
- মামলার পরবর্তী শুনানি ১০ই জুন।

আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান,
- পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হুগলি নদী জলপথ পরিবহণকে ভাড়া দিয়েই তারা দোকান করেছে।
- নিয়মিত তাদেরকে ভাড়া দেওয়া হয় এবং তার রশিদ রয়েছে। মামলার আবেদন পত্রের সঙ্গে রশিদ পেশ হাইকোর্টে।
- আবেদনকারী ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স জিএসটি এবং সার্ভিস ট্যাক্সের রেজিস্ট্রেশনও রয়েছে।
- এই বিষয়ে হুগলি নদী জলপথ পরিবহণ-এর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল এবং তাদের অনুমোদন ছিল।
- রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের কোন স্বাক্ষর নেই এবং ওই নোটিশ গুলি দেয়ালে সাটিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া হয়নি।
- আদালত এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক এবং এই নোটিশকে বাতিল বলে ঘোষণা করুক।
রেলের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি হিরণময় ভট্টাচার্য জানান,
আপনাদের এত দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণ কি? হঠাৎ এই ধরনের উদ্যোগের প্রয়োজন হচ্ছে কেন? আপনারা কি কোন প্রকল্প বাস্তবায়নের জন্য এই উচ্ছেদ করছেন?
রেলের আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি জানান,
২০২৪ সালে অমৃত ভারত প্রকল্পে রেলওয়ে স্টেশন গুলিকে পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে হাওড়া স্টেশন থেকেও চিহ্নিত করা হয়েছে।
সবপক্ষের বক্তব্য শোনার পর, হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।